জামালপুরের বুড়িমার মিষ্টি
Burima's Sweets
জামালপুর শহরের আমলাপাড়ার মিষ্টির দোকান। চল্লিশের দশকের শেষে এক নারীর হাতে শুরু, এখনো চালাচ্ছে তাঁর পরিবার।
চল্লিশের দশকের শেষ দিকে জামালপুর শহরে দই‑চিড়ার ছোট্ট একটা দোকান খোলেন অমলাবালা সাহা। সবাই তাঁকে ডাকত বুড়িমা। প্রথম দিকের খদ্দের ছিলেন পাটের শ্রমিকেরা, পরে পুরো শহরই তাঁর মিষ্টি কিনতে আসতে থাকে। মিষ্টি বানানো, খদ্দের সামলানো, হিসাব রাখা, সবই করতেন নিজে। ২০০৪ সালে তিনি মারা যান। আমলাপাড়ার দোকানটা এখন চালান তাঁর নাতিরা। ছোট গোল্লা, চমচম, কালোজাম, প্যারা সন্দেশ, খেজুর গুড়ের মিষ্টি মিলিয়ে বারো রকমের মতো মিষ্টি হয়। আছে একটু অন্য রকম কাঁচা মরিচের মিষ্টিও।
