লালবাগ কেল্লা
Lalbagh Fort
সতেরো শতকের অসমাপ্ত মোগল কেল্লা। ভেতরে ঘাসের লন, সমাধি আর মসজিদ। পুরান ঢাকার ভিড়ে এক টুকরো শান্ত সবুজ।
১৬৭৮ সালে মোগল শাহজাদা মুহাম্মদ আজম লালবাগ কেল্লার কাজ শুরু করেন। পরে শায়েস্তা খান কাজ এগিয়ে নেন, কিন্তু কেল্লাটা আর কখনো শেষ হয়নি। দেয়ালের ভেতরে মূল দালান তিনটা: তিন গম্বুজের মসজিদ, হাম্মামখানাসহ দরবার হল, আর শায়েস্তা খানের মেয়ে পরী বিবির সমাধি। মাঝখানে বাগান আর পুরোনো পানির নালা। বিকেলের আলোয় লাল ইটের ফটকগুলোর ছবি খুব সুন্দর আসে। পুরান ঢাকায় ঘাসে বসে পাখির ডাক শোনার মতো জায়গা হাতে গোনা, লালবাগ কেল্লা তার একটা।
কীভাবে যাবেন
রিকশা বা সিএনজিতে পুরান ঢাকার লালবাগ। আজিমপুর থেকে রিকশায় একটুখানি পথ।
জেনে রাখুন
রোববার বন্ধ, সোমবার খোলা থাকে অল্প সময়। বিকেলে যান, তারপর হেঁটে কাছের ঢাকেশ্বরী মন্দিরটাও ঘুরে আসুন।
