হরিপুর জমিদারবাড়ি
Haripur Zamindar Bari (Haripur Barabari)
নাসিরনগরে তিতাসের পাড়ে বিশাল তিনতলা জমিদারবাড়ি। নদীতে নেমে গেছে জাঁকালো শান বাঁধানো ঘাট।
নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে তিতাস নদীর পুব পাড়ে হরিপুর বড়বাড়ি। নাসিরনগর থেকে মাধবপুরের পথে প্রায় ১৫ কিলোমিটার গেলে পড়ে। রায় চৌধুরী জমিদাররা এখানে তিনতলা প্রাসাদ গড়েছিলেন। ভেতরে কয়েক ডজন ঘর, দরবার হল, মন্দির, পুকুর, আর নদীতে নেমে গেছে চওড়া শান বাঁধানো ঘাট, দুই পাশে দুটি স্মৃতিমঠ। সাতচল্লিশের পর জমিদার পরিবার ভারতে চলে যায়, বাড়িটা এখন জীর্ণ, কিছু অংশ ভেঙে পড়েছে। বর্ষায় চারদিকে পানি জমে, পানিতে প্রাসাদের ছায়া পড়ে। ছবি তোলার লোক আর সিনেমার দল তাই এখানে বারবার আসে।
কীভাবে যাবেন
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বাস বা সিএনজিতে নাসিরনগর, সেখান থেকে সিএনজিতে হরিপুর। বর্ষায় পথের কিছুটা নৌকায়ও যাওয়া যায়।
জেনে রাখুন
বাড়ির কিছু অংশ ঝুঁকিপূর্ণ। ভাঙা সিঁড়ি বা ওপরের তলায় উঠবেন না। কিছু অংশে এখনো মানুষ থাকে, সম্মান রেখে ঘুরবেন।